রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় ২৪ জন নিহত হওয়ার পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, এরই মধ্যে রাশিয়ার বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলার অনুমতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কিয়েভের একটি আবাসিক ভবনে রুশ হামলায় নিহতদের মধ্যে তিনটি শিশুও ছিল। চলতি বছরে এটিকে কিয়েভে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার পর শুক্রবার ইউক্রেনে রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং রাজধানীজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এর জবাবে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোসহ বিভিন্ন এলাকায় হামলায় অন্তত চারজন নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। মস্কোর আকাশে ধেয়ে আসা বহু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর দেশজুড়ে পাঁচ শতাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে।
হামলায় কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর বৃহত্তম বিমানবন্দরের কাছেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে উদ্যোগ নিলেও সাম্প্রতিক হামলাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন