ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

উচ্ছেদ অভিযান নিয়ে পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

‘বুলডোজার রাজনীতি’ চলবে না : মমতা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:৪৪ এএম

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর শুরু হওয়া উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযানকে ‘বুলডোজার রাজনীতি’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে রবীন্দ্রনাথ ও নেতাজির বাংলা শাসন করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মমতা বলেন, বাংলার সংস্কৃতি সহানুভূতি ও মানুষের অধিকার রক্ষার ওপর দাঁড়িয়ে আছে। সেখানে কোনো পূর্ব নোটিশ ছাড়াই হকার, দিনমজুর ও ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ করা মানুষের আত্মমর্যাদার ওপর আঘাত। সম্প্রতি কলকাতার পার্ক সার্কাস, তিলজলা ও হাওড়া স্টেশনসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ অভিযোগ করেছেন, তাদের দোকান ও বসতঘর ভেঙে দেওয়া হয়েছে। তবে রাজ্য প্রশাসন দাবি করেছে, এটি রাজনৈতিক নয়; জনস্বার্থে পরিচালিত নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান। গত ৪ মে বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করে।

টানা ১৬ বছর ক্ষমতায় থাকা তৃণমূল এবার বড় ধাক্কা খেয়েছে। দলটির আসন সংখ্যা নেমে এসেছে ৮০-তে। এমনকি ভবানীপুর কেন্দ্র থেকেও পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ভরাডুবির পর দলকে নতুন করে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে তৃণমূল। কালীঘাটের বাসভবনে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে মমতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে হার-জিত থাকবেই, তবে লড়াই থামানো যাবে না। দলীয় সূত্র জানিয়েছে, কর্মীদের মনোবল বাড়াতে এবার নিজেই পথে নামছেন মমতা। চলতি সপ্তাহে কলকাতায় একটি দলীয় কার্যালয় রং করার কাজে অংশ নেবেন তিনি। একই সঙ্গে জেলার নেতাকর্মীদেরও দলীয় কার্যালয় সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নতুন সরকার নারীদের জন্য বড় ঘোষণা দিয়েছে। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে নারীরা বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন। মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীদের ক্ষোভ, অন্যদিকে জনমুখী সিদ্ধান্তÑ সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক বাস্তবতা এখন আরও উত্তপ্ত হয়ে উঠছে।