ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২১

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৪:০৯ এএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, মঙ্গলবার দেইর কানুন আল-নাহর শহরের একটি বাড়িতে চালানো হামলায় একসঙ্গে ১২ জন নিহত হয়। এদের মধ্যে তিন শিশু ও তিন নারী ছিল। এ ছাড়া দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি এলাকায় পৃথক হামলায় হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি বাহিনী এ হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তারা আগেই দাবি করেছিল, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেই অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহ হামলা চালালে একজন ইসরায়েলি সেনা নিহত হয়।

এর মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়ছে সীমান্তজুড়ে। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে এবং আগামী মাসে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু যুদ্ধবিরতির পরও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা থামেনি।

গত মার্চে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে লেবানন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকেই দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে।