ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেল কূটনীতিতে দিল্লিতে রুবিও

চাপে ভারতের অর্থনীতি, বাড়ছে বেকারত্ব ও জনদুর্ভোগ

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:৪৮ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালিতে অচলাবস্থা এবং বৈশ্বিক জ¦ালানি সংকটের মধ্যেই ভারত সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে, এই সফরের মূল লক্ষ্য কূটনৈতিক আলোচনার আড়ালে ভারতের কাছে আরও বেশি মার্কিন তেল ও গ্যাস বিক্রি করা। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে জ¦ালানি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ইরান ঘিরে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম জ¦ালানি আমদানিকারক দেশ ভারত বড় চাপের মুখে পড়েছে। দেশটির প্রয়োজনীয় তেল ও গ্যাসের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারতকে নিজেদের বড় জ¦ালানির বাজারে পরিণত করতে চাইছে। রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ঐতিহাসিক মাত্রায় তেল ও গ্যাস উৎপাদন করছে এবং ভারত যেন আরও বেশি মার্কিন জ¦ালানি কেনে, সেটিই ওয়াশিংটনের প্রত্যাশা। বিশ্লেষকদের মতে, এটি শুধু বাণিজ্য নয়, বরং ভূরাজনৈতিক কৌশলেরও অংশ। দীর্ঘদিন ধরে ভারত মধ্যপ্রাচ্য ও রাশিয়ার জ¦ালানির ওপর নির্ভরশীল। কিন্তু যুদ্ধ ও বৈশ্বিক উত্তেজনার কারণে দিল্লি এখন বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। সেই সুযোগই নিতে চাইছে ওয়াশিংটন। তবে মার্কিন তেল আমদানির ক্ষেত্রে বড় বাধা হলো পরিবহন ব্যয় ও দীর্ঘ দূরত্ব। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের জ¦ালানির পূর্ণ বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা ভারতের জন্য সহজ হবে না। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ভারতে চলতি মাসে তৃতীয়বারের মতো জ¦ালানির দাম বাড়ানো হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় পাঁচ রুপি পর্যন্ত বেড়েছে। এর প্রতিবাদে দিল্লিতে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। পণ্যবাহী যান চলাচল ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছে ভারতের শ্রমবাজারেও। উপসাগরীয় অঞ্চল থেকে ইতোমধ্যে লাখ লাখ ভারতীয় শ্রমিক দেশে ফিরেছেন। রেমিট্যান্স প্রবাহে ধাক্কা লেগেছে, বাড়ছে বেকারত্বও। বিশেষ করে চামড়া, তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্পে শ্রমিক ছাঁটাই শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয়; এটি বিশ্ব অর্থনীতি, জ¦ালানি বাজার এবং কোটি মানুষের জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলছে। আর সেই বাস্তবতায় রুবিওর ভারত সফরকে অনেকে ‘তেল কূটনীতি’র নতুন অধ্যায় হিসেবেই দেখছেন।