ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

রাতারাতি রাষ্ট্রহীন দুই হাজারের বেশি মানুষ

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৫৪ এএম

কুয়েত সরকার নতুন এক সিদ্ধান্তে দুই হাজার ১৯২ জনের নাগরিকত্ব প্রত্যাহার করেছে। একই সঙ্গে তাদের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া নির্ভরশীলদের নাগরিক মর্যাদাও বাতিল হয়েছে। এ ছাড়া একজনের নাগরিকত্ব সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি গেজেটে প্রকাশিত আটটি পৃথক আদেশের মাধ্যমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক নাগরিকত্ব বাতিল হয়েছে একটি আদেশের আওতায়, যেখানে এক হাজার ৫৯৪ জনের নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে। অন্য একটি আদেশে আরও ৪৯১ জন নাগরিকত্ব হারিয়েছেন।

এ ছাড়া পৃথক আদেশে ২৬ জন, পাঁচজন, চারজন, দুইজন এবং ৭০ জনের নাগরিকত্ব প্রত্যাহার বা নাগরিকত্ব সনদ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গেজেটে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামও প্রকাশ করা হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, নাগরিকত্বসংক্রান্ত নথি ও রেকর্ড পর্যালোচনার চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব বাতিলের নির্দিষ্ট আইনি কারণ প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব শুধু আইনি পরিচয় নয়; এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে রাতারাতি নাগরিকত্ব হারানোর ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের জীবনে গভীর অনিশ্চয়তা তৈরি করতে পারে।