ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গে প্রথম বাজেট

বেকারদের মাসে তিন হাজার রুপি ভাতা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:০১ এএম

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ‘বিকশিত বাংলা’ গড়ার লক্ষ্য নিয়ে উপস্থাপিত এ বাজেটে কর্মসংস্থান, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। বাজেটের সবচেয়ে আলোচিত ঘোষণা হলো বেকার যুবকদের জন্য ‘ভরসা’ কর্মসূচি। এর আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি স্নাতক বেকাররা মাসে তিন হাজার রুপি এবং অন্য বেকাররা দুই হাজার রুপি ভাতা পাবেন। রাজ্যে কর্মসংস্থান বাড়াতে প্রায় এক লাখ শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ হাজার পুলিশ, ৫০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। নারীদের জন্য বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা চালুর লক্ষ্যে ৫৫০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া ‘অন্নপূর্ণা’ কর্মসূচির জন্য ৩৬ হাজার কোটি রুপি বরাদ্দ এবং উচ্চশিক্ষায় আগ্রহী অবিবাহিত নারীদের এককালীন ৫০ হাজার রুপি সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কল্যাণীতে নতুন বিমানবন্দর নির্মাণ, পুরুলিয়া, বালুরঘাট ও মালদহে বিমানবন্দর স্থাপন এবং দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে নগর রেল চালুর পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এছাড়া মেদিনীপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের ঘোষণাও এসেছে। শিক্ষা খাতে উত্তরবঙ্গে উচ্চপ্রযুক্তি ও ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি ঝাড়গ্রামে আদিবাসী বিশ^বিদ্যালয় গঠনের পরিকল্পনা জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২০ শতাংশ বাড়ানোর ঘোষণাও বাজেটের অন্যতম উল্লেখযোগ্য দিক।