‘শুধু গান গেয়ে পরিচয়’— বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। এবার যেন এই গানের লাইনই সত্যি করে তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক-ই-হাবিব।
কেন গানের লাইন দিয়ে নিউজের শুরু, তা নিয়ে কৌতূহল জাগতেই পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গাওয়ার কারণে বেশ ভাইরাল হয়েছেন ঢাবির এই শিক্ষক। আর এতেই যেন ঘটেছে বিপত্তি। শুধু গান গেয়ে পরিচিতি পেয়ে এবার হারাতে বসেছেন চাকরি।
শুনতে কিছুটা বিস্ময়কর লাগলেও বাস্তবে এমনটিই ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়েছে যে, ঢাবির শিক্ষক তাশরিক-ই-হাবিবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
কিন্তু শুধু গান গাওয়ার কারণেই কি এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? জানতে চাইলে তারা জানিয়েছে অন্য কথা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এমন আলোচনা বিভিন্ন মহলে চললেও বিষয়টি সঠিক নয়।
তাহলে কী এমন ঘটেছে, যার কারণে সাময়িক অব্যাহতি পেতে হলো ঢাবির এই শিক্ষককে? এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেছেন, ‘‘শুধু গান গাওয়ার কারণে অধ্যাপক তাশরিককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’
উল্লেখ, এদিকে এই শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়ার খবর প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানাবিধ আলোচনা-সমালোচনা। অনেকেই কেবল গান গাওয়ার বিষয়টিকেই সামনে এনে আলোচনা করছেন।

