ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

বেঙ্গালুরুর পাথরখাদানে শিলাধস, নিহত ৭ শ্রমিক

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:০৯ এএম

ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি পাথরখাদানে বিশাল শিলাখ- ধসে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরু দক্ষিণ তালুকের মাদাপাটনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো ভোরে শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখ- হঠাৎ ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যে কয়েকজন শ্রমিক এর নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভারী যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে অন্য কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হয়। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সবাই বিহার রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে তারা কর্নাটকে এসে দৈনিক মজুরির ভিত্তিতে পাথরখাদানে কাজ করছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। পাথরখাদানে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না এবং কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।