জ্যৈষ্ঠের পাকাফল
শচীন্দ্র নাথ গাইন
ইচ্ছেরা মনজুড়ে যদি বসে চেপে
খেতে পারো পাকা পাকা পেয়ারা ও পেঁপে।
তবে গাছে চড়লেই বাবা যাবে খেপে
পড়ে যাবে ভয়ে মাও উঠবে যে কেঁপে।
গাছতলা যেতে পারো দিলে আম পেড়ে
ছোটোরাও হাত দিলে নিও না তা কেড়ে।
মিঠে আম খেয়ে গান গাও গলা ছেড়ে
ফুরফুরে হাসি দাও ঠোঁট দুটো নেড়ে।
কী দারুণ লালরঙা লিচুগুলো পেকে
বাদুড়েরা স্বাদ যেন দেখে রাতে চেখে।
কাঁঠালের সুগন্ধি নাকে নেয় মেখে
দলধরে মাছি তাই আসে থেকে থেকে।
জাম আর জামরুল মজা পাবে খেলে
ভালবাসে সকলেই,কচি-বুড়ো-ছেলে।
খুশিতেই ডগমগ ডাঁসা ফল পেলে
টসটসে প্রিয়ফল জ্েৈযষ্ঠ মাসেই মেলে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন