ঈদ ফুল
সোহানুজ্জামান মেহরান
ঈদ ফুল ফুটে গেছে খুশবুর ঘ্রাণে,
দিকহারা মাতোয়ারা উশখুশ প্রাণে।
চন্দ্রের ইশারাতে জোছনার আলো,
ঈদের খুশিতে ধরা দারুণ সাজালো।
ঈদ ফুল তুলতুল রসালো ও মিঠা,
ঘরেতে তৈরি হয় গোশ, দই, পিঠা।
কিশোরীরা মেহেদির রঙে হাত রাঙে,
ঈদ পেয়ে কিশোরের অভিমান ভাঙে।
ঈদ ফুল চারিদিকে উৎসবমাখা,
আসমানী রহমতে পৃথিবীটা ঢাকা।
আলপনা এঁকে যায় প্রতি ঘরে ঘরে,
ক্রোধ, লোভ, হিংসাটা নেই অন্তরে।
ঈদ ফুল মশগুল খুশির পেয়ালা,
গরিবের খুলে দেয় বেদনার তালা।
ধনবান দেয় মান হয় সবে সুখী,
ঈদ মানে ভালোবাসা প্রেম মুখোমুখি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন