বিমা দাবি পরিশোধে নিজেদের ধারাবাহিক অগ্রযাত্রা ধরে রেখে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৩৩৪ কোটি ৯ লাখ টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। আগের বছরের একই সময়ের তুলনায় এ অঙ্ক ৩৪ দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে দাবি নিষ্পত্তিতে গত কয়েক বছরের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখল প্রতিষ্ঠানটি। এ বছরের প্রথম ছয় মাসে জীবন বিমা, স্বাস্থ্য বিমা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে মোট ১ লাখ ৩১ হাজার ৫৯৩টি দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান। এর মধ্যে ২৩ হাজার ৭৪০টি মৃত্যুজনিত দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৭৫ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া ১ লাখ ৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য বিমা দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৪০ কোটি ২১ লাখ টাকা। এর পাশাপাশি পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ৩ হাজার ৫৯৪টি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ টাকা।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ, বলেন, ‘দ্রুত দাবি পরিশোধ করা আমাদের কাছে শুধু একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়। বরং প্রয়োজনের সময়ে গ্রাহকের পাশে থেকে ইনস্যুরেন্সের প্রকৃত মূল্য তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দাবি পরিশোধে ধারাবাহিক প্রবৃদ্ধি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তবে তার চেয়েও বড় বিষয় হলো, আরও বেশি গ্রাহক আমাদের ওপর আস্থা রাখছেন। এই আস্থাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’ বিজ্ঞপ্তি

