সম্প্রতি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক পদে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) মামুনুর রহমানকে নিয়োগ প্রদান করা হয়। তিনি গত ০২.০৪.২০২৬ইং তারিখে যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, মামুনুর রহমানকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। জনাব রহমান ব্যাংকিং খাতে অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ও প্রজ্ঞাবান পেশাজীবী। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি এবং খুলনা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ/শাখায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের পূর্বে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসিতেও কর্মরত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) হতে ডিএআইবিবি সনদ অর্জন করেন। নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মামুনুর রহমান বলেন, ‘আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সংকট কাটিয়ে গ্রাহকসেবার মান উন্নয়ন এবং শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন