মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দ- সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণের কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ না হলে ব্যাংকগুলো সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ দ- সুদ আদায় করতে পারবে, যা এতদিন ছিল ১ দশমিক ৫ শতাংশ। বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিনিয়োগ কার্যক্রম আরও গতিশীল করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে দ- সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ দ- সুদ নির্ধারণ করা হয়েছিল। নতুন সার্কুলারের মাধ্যমে সেই নির্দেশনার সংশ্লিষ্ট অনুচ্ছেদ পরিবর্তন করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, চলমান ও তলবি ঋণের ক্ষেত্রে পুরো ঋণস্থিতির ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ দ- সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে কেবল মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এ দ- সুদ প্রযোজ্য হবে। এ ছাড়া আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন