জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের কূটনীতি এবং গণতন্ত্রের জন্য বড় বিষয় বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘অবশ্যই আমি মনে করব, এটা বিএনপির ধারাবাহিক পররাষ্ট্রনীতির একটা সাফল্য।’ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সময়ে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কি নাÑ এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর (তারেক রহমান) সিদ্ধান্ত।’
গতকাল বুধবার ঢাকায় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছি, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ডেডিক্যাডলি এই কাজটি করতে হলে তাকে ওখানে সময়টা দিতেই হবে। তার মানে এই না যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। আমি মনে করি, এটি প্রধানমন্ত্রী এবং তার (পররাষ্ট্রমন্ত্রী) সিদ্ধান্ত।’
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো তথ্য দেওয়া না হচ্ছে, ততক্ষণ সেটি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।’ অনেক দেশ থেকে প্রধানমন্ত্রীর সফরের আমন্ত্রণ এসেছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কোন দেশ থেকে তিনি বিদেশ সফর শুরু করবেন তা প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়ে দেবে বলে জানান প্রতিমন্ত্রী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন