হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৬ শিশুর। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯ জন। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৪৭ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৯২৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৮২ হাজার ২৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮৫ জন এবং আক্রান্ত ৪৫ হাজার ১১০ জন।
দেশে হাম রোগের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় ভেন্টিলেটরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম দিয়েছে কানাডাভিত্তিক ইমিগ্রেশন প্রতিষ্ঠান ‘স্কশিয়া কনসালট্যান্টস’। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়। স্কশিয়া কনসালট্যান্টসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব সামগ্রী তুলে দেন। চিকিৎসা সামগ্রী গ্রহণকালে দেশের এই ক্রান্তিকালে বেসরকারি খাতের এমন মানবিক ও মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ব্যক্তিগত উদ্যোগে এত বড় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি ডা. জামিলুর রহিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের এই ধরনের সহযোগিতা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং মহামারি বা প্রাদুর্ভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগে সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামালসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, হস্তান্তর করা অত্যাধুনিক ভেন্টিলেটর ও জরুরি সরঞ্জামগুলো দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় দ্রুত ব্যবহার উপযোগী করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন