সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। গতকাল শনিবার বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা এখানো কোনো কঠোর কর্মসূচি দিই নাই। আমরা হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিই নাই। কিন্তু যেকোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এনসিপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছল না। কারণ আমরা দেখলাম যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষেÑ তিনি হ্যাঁ-এর প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পর ৭০ শতাংশ জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেনÑ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণঅভ্যুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিলÑ নাটক কম করো পিও। তারেক রহমানকেও বলে দিচ্ছিÑ নাটক কম করেন পিও। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয়, আপনি যা খুশি করবেন, যে রকম খুশি ছলনা, প্রতারণা এ দেশের জনগণের সঙ্গে করবেন।
বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয়, ৫ আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা লড়াই করেছে ক্ষমতার জন্য। তারা গণঅভ্যুত্থানে আমাদের সঙ্গে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত হয়েছে, এখন তারা সংস্কারের কথা বলে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন