কৃত্রিম বুদ্ধিমত্তা ও একসঙ্গে একাধিক কাজের নতুন সুবিধা নিয়ে এলো অ্যান্ড্রয়েড ১৭ প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ধারায় নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করেছে গুগল। একই সঙ্গে স্মার্ট ঘড়ির জন্য প্রকাশ করা হয়েছে নতুন সংস্করণ। এই হালনাগাদে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেবা, একসঙ্গে একাধিক কাজ করার সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ করার জন্য নানা নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে। নতুন সংস্করণে এমন প্রযুক্তি যোগ করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু লিখিত নির্দেশনা দিয়েই গান তৈরি করতে পারবেন, কথোপকথনের মধ্যেই ভিডিও সম্পাদনা করতে পারবেন এবং আরও উন্নতভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সুবিধা পাবেন। ফাইল আদান-প্রদানের ব্যবস্থাও আরও উন্নত করা হয়েছে। এখন বিভিন্ন যন্ত্রের মধ্যে দ্রুত ও সহজে তথ্য বিনিময় করা যাবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি, শব্দ ও লেখাভিত্তিক বিভিন্ন সৃজনশীল কাজ আগের চেয়ে অনেক সহজ হয়ে উঠবে।
একসঙ্গে একাধিক কাজ করার সুবিধা বাড়াতে নতুন একটি ভাসমান অ্যাপ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এতে সম্প্রতি ব্যবহৃত অ্যাপগুলো পর্দার নিচে ছোট আকারে দেখা যাবে এবং সেগুলোর মধ্যে দ্রুত যাতায়াত করা সম্ভব হবে। ফলে একই সময়ে একাধিক কাজ করা আরও সহজ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও নির্মাতাদের জন্যও রয়েছে নতুন সুবিধা। এখন ব্যবহারকারী একই সঙ্গে নিজের সামনের ক্যামেরা এবং মোবাইলের পর্দা রেকর্ড করতে পারবেন। ফলে কোনো খেলা, অ্যাপ বা উপস্থাপনার প্রতিক্রিয়া দেখিয়ে ভিডিও তৈরি করা আগের তুলনায় আরও সহজ হবে।
নিরাপত্তার ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন ব্যবস্থা। মোবাইল ফোন হারিয়ে গেলে সেটিকে হারানো হিসেবে চিহ্নিত করা যাবে, সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করার সুবিধা থাকবে এবং অভিভাবকেরা শিশুদের পর্দা ব্যবহারের সময় ও অনুপযুক্ত বিষয়বস্তু নিয়ন্ত্রণ আরও সহজে নির্ধারণ করতে পারবেন। ভাঁজ করা যায় এমন স্মার্টফোনের জন্য বিশেষ খেলার সুবিধাও আনা হয়েছে। এতে পর্দার একটি অংশে খেলা চলবে এবং অন্য অংশটি নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে ব্যবহার করা যাবে, যা খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। স্মার্ট ঘড়িতেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ঘড়ি যদি গাড়ি দুর্ঘটনা, হঠাৎ পড়ে যাওয়া বা শরীরের স্পন্দন বন্ধ হওয়ার মতো জরুরি পরিস্থিতি শনাক্ত করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবা এবং নির্ধারিত ব্যক্তিদের কাছে বার্তা পাঠাতে পারবে। এ ছাড়া ভবিষ্যতে স্মার্ট ঘড়িতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হবে, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী নিজেই বিভিন্ন তথ্য প্রদর্শনের ব্যবস্থা তৈরি করতে পারবে। ব্যাটারির স্থায়িত্বও আগের তুলনায় আরও বাড়ানোর দাবি করেছে গুগল।সব মিলিয়ে অ্যান্ড্রয়েড ১৭ শুধু একটি নতুন সফটওয়্যার সংস্করণ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভবিষ্যতের স্মার্টফোন ব্যবহারের নতুন দিগন্ত। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও দ্রুত, নিরাপদ এবং বুদ্ধিমান ডিজিটাল অভিজ্ঞতা পাবেন বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

