দর্শকদের প্ল্যাটফর্মে আরও বেশি সময় ধরে রাখতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি এমন একটি ২৪ ঘণ্টা সম্প্রচার চালু থাকা লাইভ টিভি চ্যানেল চালুর সম্ভাবনা যাচাই করছে, যেখানে দিন-রাত অবিরাম বিভিন্ন অনুষ্ঠান ও ভিডিও দেখানো হবে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে নির্দিষ্ট কোনো সিনেমা বা সিরিজ বেছে না নিয়েও ব্যবহারকারীরা টেলিভিশনের মতো সরাসরি সম্প্রচার হওয়া একটি চ্যানেল চালু রাখতে পারবেন। অর্থাৎ, পছন্দের অনুষ্ঠান খুঁজে বের করার পরিবর্তে দর্শকেরা যেকোনো সময় লাইভ চ্যানেলে চলমান কনটেন্ট উপভোগ করতে পারবেন। বিশ্লেষকদের মতে, এ ধরনের সেবা চালু হলে বিজ্ঞাপনভিত্তিক বিনা মূল্যের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে নেটফ্লিক্সের প্রতিযোগিতা আরও বাড়বে। একই সঙ্গে বিজ্ঞাপন ব্যবসাও শক্তিশালী হতে পারে, কারণ লাইভ সম্প্রচারে সাধারণত বিজ্ঞাপন এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেটফ্লিক্স বিভিন্ন স্ট্রিমিং সেবাকে এক সঙ্গে নিয়ে বান্ডেল আকারে গ্রাহকদের কাছে সেবা দেওয়ার বিষয়েও আলোচনা করছে। এ ক্ষেত্রে সম্ভাব্য অংশীদার হিসেবে পিককের নাম উঠে এসেছে। যদিও এ বিষয়ে নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দর্শকসংখ্যা ধরে রাখতে সম্প্রতি নেটফ্লিক্স একের পর এক নতুন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে স্বল্পদৈর্ঘ্যরে ভিডিও, ভিডিও পডকাস্ট এবং শিশুদের জন্য আলাদা গেমিং অ্যাপের পরীক্ষা-নিরীক্ষা। অন্যদিকে, সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, নেটফ্লিক্স তাদের মৌলিক সিরিজগুলোর প্রথম ও দ্বিতীয় মৌসুমের মধ্যে দর্শকসংখ্যা কমে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বিগ্ন। এতে দীর্ঘমেয়াদে জনপ্রিয় সিরিজ ধরে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিলসেনের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে মোট টিভি দেখার সময়ের ৭
দশমিক ৮ শতাংশ ছিল নেটফ্লিক্সের দখলে, যা আগের তুলনায় কিছুটা কম। এ ছাড়া চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লেটারবক্সড অধিগ্রহণের বিষয়েও নেটফ্লিক্স আলোচনা চালাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

