ভিডিও সম্পাদনাকে আরও সহজ করতে গুগল ফটোজে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ফিচার ‘ভিডিও রিমিক্স’। নতুন এই সুবিধার মাধ্যমে গুগল ফটোজে সংরক্ষিত ভিডিওর আলো, পটভূমি, দৃশ্যের পরিবেশ এবং সামগ্রিক উপস্থাপনায় কয়েকটি ট্যাপেই পরিবর্তন আনা যাবে। ফলে আলাদা কোনো ভিডিও সম্পাদনা সফটওয়্যার ব্যবহার ছাড়াই সাধারণ ভিডিওকে আকর্ষণীয় রূপ দেওয়া সম্ভব হবে। গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, নতুন ফিচারটি তাদের সর্বাধুনিক জেমিনি ওমনি
এআই মডেলের সক্ষমতা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই মডেল বিভিন্ন ধরনের ইনপুট বিশ্লেষণ করে নতুন কনটেন্ট তৈরি ও সম্পাদনায় সহায়তা করতে পারে। গুগলের বিভিন্ন সেবায় জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবেই গুগল ফটোজে যুক্ত হচ্ছে ভিডিও রিমিক্স।
ব্যবহারকারীরা গুগল ফটোজের ‘ক্রিয়েট’ ট্যাব থেকেই ভিডিও রিমিক্স ব্যবহার করতে পারবেন। গুগলের দাবি, এ সুবিধা থাকলে পেশাদার সম্পাদনার দক্ষতা ছাড়াই অল্প সময়ের মধ্যে ভিডিওকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের উপযোগী করে তোলা যাবে। আলো, রং, ব্যাকগ্রাউন্ড ও দৃশ্যের উপস্থাপনায় পরিবর্তন এনে ভিডিওকে আরও আকর্ষণীয় করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও তুরস্কের গুগল এআই প্লাস, প্রো এবং আলট্রা গ্রাহকদের জন্য নতুন ফিচারটি উন্মুক্ত করা হবে।

