ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

এআই দিয়ে তৈরি বিজ্ঞাপন শনাক্ত করবে গুগল

ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৫২ এএম

কোনো বিজ্ঞাপন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না, তা এবার সহজেই জানতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য নতুন একটি সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত বিজ্ঞাপনে এআই ব্যবহারের তথ্য আরও স্বচ্ছভাবে তুলে ধরা হবে।

এআইভিত্তিক প্রযুক্তির অগ্রগতির ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখন দ্রুত ও কম খরচে বিজ্ঞাপন তৈরি করতে পারছে। বাস্তবে ছবি না তুলেও বিভিন্ন পরিবেশে পণ্যের বাস্তবধর্মী ছবি তৈরি করা সম্ভব হচ্ছে।

এতে সময় ও ব্যয় কমলেও অনেক ক্ষেত্রে বোঝা কঠিন হয়ে পড়ে, কোনো ছবি বাস্তব নাকি এআই দিয়ে তৈরি। ফলে ব্যবহারকারীদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে। গুগলের নীতিমালা অনুযায়ী বিভ্রান্তিকর বা প্রতারণামূলক বিজ্ঞাপন প্রকাশের সুযোগ নেই। তবে কোনো বিজ্ঞাপনে এআই দিয়ে তৈরি বা ডিজিটালভাবে সম্পাদিত ছবি ব্যবহার করা হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে নীতিমালা লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় না। এত দিন শুধু নির্বাচনি বিজ্ঞাপনের ক্ষেত্রে এআই ব্যবহারের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ছিল। নতুন সুবিধা চালু হলে সাধারণ বাণিজ্যিক বিজ্ঞাপনেও এ-সংক্রান্ত তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা।

গুগল জানিয়েছে, নতুন সুবিধাটি ‘মাই অ্যাড সেন্টার’-এ যুক্ত করা হচ্ছে। গুগল সার্চ, ইউটিউব ও গুগল ডিসকভারে প্রদর্শিত বিজ্ঞাপনের পাশে থাকা তিনটি বিন্দু বা তথ্যচিহ্নে ক্লিক করলেই এই প্যানেলে প্রবেশ করা যাবে। ধাপে ধাপে বিশ্বের সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হবে।

বর্তমানে ‘মাই অ্যাড সেন্টার’ থেকে বিজ্ঞাপন ব্লক বা প্রতিবেদন করার পাশাপাশি বিজ্ঞাপনদাতা সম্পর্কে তথ্য এবং কেন নির্দিষ্ট বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে, সেটিও জানা যায়। নতুন সুবিধা যুক্ত হলে সেখানে ‘হাউ দিস অ্যাড ওয়াজ মেড’ নামে একটি নতুন অপশন থাকবে। এতে উল্লেখ করা হবে, বিজ্ঞাপনটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি হয়েছে, নাকি পরে এআই ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে।

গুগলের নিজস্ব জেনারেটিভ এআইভিত্তিক বিজ্ঞাপন তৈরির সরঞ্জাম ব্যবহার করা হলে এ তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। তবে অন্য কোনো প্ল্যাটফর্ম বা সফটওয়্যার দিয়ে বিজ্ঞাপন তৈরি করা হলে বিজ্ঞাপনদাতাকেই জানাতে হবে, সেটি তৈরিতে এআই ব্যবহার করা

হয়েছে কি না। এ ক্ষেত্রে গুগল নিজে থেকে তথ্য যাচাই করবে না।এ ছাড়া যেসব দেশে স্থানীয় আইন অনুযায়ী এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বিজ্ঞাপনের তথ্য প্রকাশ বাধ্যতামূলক, সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে আলাদা এআই লেবেলও প্রদর্শন করা হবে।