অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে বড় সিরি আপডেট সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। আইওএস ২৭ পাবলিক বেটা প্রকাশের মাধ্যমে প্রথমবারের মতো ডেভেলপারদের বাইরে সাধারণ ব্যবহারকারীরাও নতুন এআই-সমৃদ্ধ সিরি ব্যবহার করে দেখতে পারবেন। আগামী সেপ্টেম্বর নাগাদ আইওএস ২৭-এর চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে এটি হবে অ্যাপলের সবচেয়ে বড় বাস্তব পরীক্ষা।
নতুন সিরি শুধু ভয়েস সহকারী নয়, বরং এটি এখন একটি পূর্ণাঙ্গ এআই সহকারী। এটি ব্যবহারকারীর অনুমতি নিয়ে ই-মেইল, ছবি, বার্তা, ক্যালেন্ডারসহ ডিভাইসের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে পারে। পাশাপাশি স্ক্রিনে কী দেখা যাচ্ছে তা বুঝে প্রয়োজনীয় তথ্য দিতে এবং সাধারণ এআই চ্যাটবটের মতো বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম। আগের মতো ‘হেই সিরি’ বলে বা পাশের বোতাম চেপে সিরি চালু করা যাবে। এ ছাড়া ডাইনামিক আইল্যান্ড থেকে নিচে সোয়াইপ করেও এটি ব্যবহার করা যাবে। আইফোনের স্পটলাইট অনুসন্ধান ব্যবস্থার সঙ্গেও সিরিকে যুক্ত করা হয়েছে, ফলে ডিভাইস ও ওয়েবÑ উভয় জায়গা থেকেই দ্রুত তথ্য খুঁজে দেওয়া সম্ভব হবে। প্রথমবারের মতো সিরিকে আলাদা একটি অ্যাপ হিসেবেও যুক্ত করেছে অ্যাপল। যারা চ্যাটবটভিত্তিক অভিজ্ঞতায় অভ্যস্ত, তাদের জন্য এটি আরও সুবিধাজনক হতে পারে।
একই সঙ্গে নতুন সিরি শুধু আইফোনেই নয়, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ, কারপ্লে, এয়ারপডস, অ্যাপল টিভি এবং ভিশন প্রো-তেও ব্যবহার করা যাবে। অ্যাপলের নতুন এআই ব্যবস্থা অ্যাপল ইন্টেলিজেন্স, নিজস্ব ফাউন্ডেশন মডেল এবং প্রাইভেট ক্লাউড কম্পিউট প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। অ্যাপলের দাবি, ব্যক্তিগত তথ্য ক্লাউডে সংরক্ষণ না করেই এআই সুবিধা দেওয়া হবে, ফলে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষিত থাকবে।

