ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের মাইফাদুন এলাকায় গত ১১ মে রাতে ওই হামলা হয়। গত মঙ্গলবার রাতে নিহতের পরিবার মৃত্যুর বিষয়টি জানায়।
জানা গেছে, নিহতের নাম শুভ কুমার দাস (২৮)। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়ার শ্রীপ্রতিপুর গ্রামে। বাবার নাম সুরঞ্জন দাস। এ নিয়ে ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে সাতক্ষীরার তিনজনের মৃত্যু হলো। এর আগে সোমবার দুপুরে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হন সাতক্ষীরার শফিকুল ইসলাম (৪৫) ও নাহিদুল ইসলাম (৪০)।
পরিবার জানায়, প্রায় তিন বছর ধরে লেবাননে ছিলেন শুভ। তিনি সেখানে একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনেই চলত পরিবার। আকস্মিক মৃত্যুর খবরে শুভর পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের এখন একটাই চাওয়া, শুভর লাশ ফেরত পাওয়া।
সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব কুমার দত্ত জানান, সরকারি প্রক্রিয়ায় লাশগুলো দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।
এদিকে ইসরায়েলি হামলায় নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। গত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহগুলো দেশে আনার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। এ ছাড়া নিহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে দূতাবাস।

