লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) র্ছরা গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ২টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে র্ছরা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় ও সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, প্রকৃত কারণ উদ্ঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। নিহতের শরীরে আঘাতের ধরন পর্যালোচনা করে বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

