ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বললেন শিক্ষামন্ত্রী

কোনো বিষয়ের অনার্স বন্ধ করার চিন্তা নেই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:৪৬ এএম

বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) বাতিলের কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকেরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান। উত্তরে মন্ত্রী বলেন, ‘আমার জানামতে, এরকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি, আমার জ্ঞাতসারে।’

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা কারিগরিকে ইম্পর্টেন্স দিচ্ছি। আমরা আধুনিক করছি। যেগুলোর মার্কেট ডিমান্ড রয়েছে, সেগুলোকে আমরা দেখছি। সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বেÑ এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।’

মন্ত্রী আরও বলেন, ‘মার্কেট ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রতিটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে, এমন কথা কোথাও হয়নি।’

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

এর আগে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘অনার্স বাতিল হচ্ছে কিছু বিষয়ে, এটা আমি নিউজ হিসেবে দেখেছি। আমাদের সরকারের দিক থেকে অফিসিয়ালি জানানোর আগে পর্যন্ত এ রকম কোনো নিউজকে আমি গুরুত্ব না দেওয়ার জন্যই বলব।’ বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) থাকবে নাÑ এটাও মনে করেন না জাহেদ উর রহমান।