দেশে নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল দুটিতে কিডনি ডায়ালাইসিস, মেয়েদের ব্রেস্ট ক্যানসার ও ইউরিনারি ক্যানসার, পঙ্গুত্বের ইউনিট ও ডেলিভারি ইউনিট থাকবে বলেও জানান তিনি।
গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এদিন ওই হাসপাতাল থেকে নারায়ণগঞ্জসহ দেশের মোট ১০টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ১০০০ হাজার বেডের ২০টি হাসপাতাল হবে। যেখানে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং চারটি হেলিকপ্টার থাকবে, যাতে জরুরি রোগীদের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য সেক্টরে বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করছেন। মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে যার মধ্যে ৮০ হাজার নারী থাকবেন। ঘরে ঘরে মেশিন নিয়ে গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে’।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ক্ষমতা গ্রহণের পর হামের প্রকোপ বেড়ে যায়। বিগত স্বৈরাচার এবং অদক্ষ অন্তর্বর্তীকালীন সরকার দেশের টিকার স্টক রেখে যায়নি। ভিটামিন ট্যাবলেট ও জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ছিল না। আমরা একটা বিপর্যস্ত রাজনৈতিক এবং স্বাস্থ্যগত পরিস্থিতির মধ্যে ক্ষমতা গ্রহণ করি। কিন্তু আমাদের একটাই সাহস প্রধানমন্ত্রী আমাদের পথপদর্শক। উনার সুদক্ষ নেতৃত্বে আমরা ভয়ের পরিবর্তে সাহস নিয়ে এগিয়ে গিয়েছি। উনার নেতৃত্বে আমরা পর্যাপ্ত পরিমাণে হামের ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়েছি’।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

