ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ

সিলেট মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের ধর্মঘট

সিলেট ব্যুরো
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:০১ এএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষের জেরে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাতে এক রোগীর স্বজনদের সঙ্গে কথাকাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর হাসপাতালের ইন্টার্ন ডক্টরস ফোরাম এক বিবৃতিতে গতকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের অভিযোগ, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এক শিশু রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথাকাটাকাটি হয়। পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ২ ইন্টার্নসহ অন্তত ৬ জন আহত হয়। আহতদের মধ্যে ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয় বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

আহত অপর চারজনের মধ্যে আছেন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী, শহরের বালুচর এলাকার বাসিন্দা আবরার হোসেন ও জাহিদ এবং রোগীর আরেক স্বজন। ইন্টার্ন চিকিৎসকরা জানান, কথাকাটাকাটির পর রোগীর স্বজনরা বাইরে থেকে লোক ডেকে এনে হামলা চালায়। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেদিন গভীর রাতে ইন্টার্ন ডক্টরস ফোরাম ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা পৃথক বিবৃতি দিয়ে এ হামলার নিন্দা জানান এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেন।

জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা চিকিৎসাধীন। থানায় অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর রাত আড়াইটার দিকে পৃথক বিবৃতি দেয় হাসপাতালের ইন্টার্ন ডক্টরস ফোরাম ও ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তাদের দাবি বাস্তবায়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেন।