ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

উগ্রবাদে সম্পৃক্ততার সন্দেহ

রিমান্ড শেষে কারাগারে সাবির ও তানিম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৩৫ এএম

উগ্রবাদী সংগঠনে সম্পৃক্ততার সন্দেহে ঢাকার যাত্রবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম খান এ তথ্য জানান। গত রোববার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিতকে গ্রেপ্তার করে পুলিশ।

উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড দেয়। বুধবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। সাবির ও তানিমের সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও বাকিদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত সাবির ও তানিমের ফের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। বাকি চার আসামিকে কারাগারে পাঠানো হয়। শনিবার সাবির ও তানিমকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো।

এদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম-এফসিএসের’ সদস্য সন্দেহে তাহসীনকে গ্রেপ্তার করা হয়। তাকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।