ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সংসদ ভবন চত্বরে সমাহিত ব্যারিস্টার জমির উদ্দিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:১৭ এএম

রাজধানীতে দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ধানমন্ডি ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই স্পিকারের দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে দাফন সস্পন্ন হয়। গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্যসহ দলের শীর্ষ নেতারা। এছাড়া অন্য রাজনৈতিক নেতারাও জানাজায় শরিক হন।

এর আগে জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। এতে অংশ নেন আত্মীয়স্বজন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্থানীয় মানুষ।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে তার মরদেহ পঞ্চগড়ে নেওয়া সম্ভব না হওয়ায় স্থানীয়দের উদ্যোগে গায়েবানা জানাজার আয়োজন করেন। গতকাল দুপুর আড়াইটায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান মাঠে এ জানাজা হয়। জানাজায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফি, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বক্তব্য দেন। বক্তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পঞ্চগড়ের একজন কৃতী সন্তান ছিলেন। দেশের রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

গতকাল ভোরে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকারের স্মরণে গতকাল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আধা বেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় জমির উদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।