ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আক্রান্ত হাজারের বেশি

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:২০ এএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬৯ জন। শুধু তাই নয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫০ জন।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

হাম বিষয়ে প্রতিবেদনে বলা হয়, একদিনে নিশ্চিত ও সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু। সারা দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজন এবং নিশ্চিত হামে একজনসহ মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৭৯ এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১১ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯০ জন, গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০ জন।

গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬০৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

আর ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, তবে একই সময়ে ৩৫০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ৭০ জন, বরিশালে বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন। চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৩২৩ জন। চলতি বছরে এ যাবৎ মোট সাত হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭২৮ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।