ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:৩৭ এএম

বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও যুক্ত হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ (ঊীপবঢ়ঃ ওংৎধবষ) শব্দবন্ধ। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে গতকাল রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ই-পাসপোর্টের নকশা ও জলছাপে ব্যাপক পরিবর্তন এনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া সব পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে। তাদের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে জলছাপ পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে। নতুন জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে থাকা শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের শহিদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে। পাশাপাশি ই-পাসপোর্টে সব ধর্মের প্রতীকও সংযোজন করা হয়েছে।

নতুন ই-পাসপোর্টের জলছাপে আরও থাকবে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহিদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবনসহ সমুদ্রসৈকত (নৌকা ব্যতীত), টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট চালু হলে পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।’ পরে বিভিন্ন মহল থেকে শব্দবন্ধটি পুনর্বহালের দাবি ওঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করলে ই-পাসপোর্টে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে একাধিক সভার পর প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয় এবং তার নির্দেশনা অনুযায়ী নতুন জলছাপ সংযোজন করে রোববার সরকারি আদেশ জারি করা হয়।

পরিবর্তনের অংশ হিসেবে ই-পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ এবং সংশোধিত জলছাপ যুক্ত হবে। বর্তমানে ব্যবহৃত পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষ হলে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন। ৪৮ ও ৬৪ পৃষ্ঠার উভয় ধরনের ই-পাসপোর্টেই নতুন জলছাপ ব্যবহার করা হবে।