প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে জুলাই জাদুঘর উদ্বোধন করবেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন গতকাল শুক্রবার এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এরই মধ্যে এ ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করবেন।
আগামী ৫ আগস্টকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে উদ্যাপন করা হবেÑ একথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, দিনটি সরকারের পক্ষ থেকে একটি সরকারি দিবস হিসেবে উদ্যাপন করা হবে। এ উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহিদ পরিবারের সদস্য এবং আহতদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান ছিল গণভবন, যা এখন জুলাই জাদুঘরে রূপান্তরিত। এ ভবন নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। পরে গণঅভ্যুত্থানের সেই স্মৃতিচিহ্ন, বিপ্লবের দুর্লভ সব দলিল, শহিদ ও আহতদের নানা স্মারক, রক্তমাখা পোশাক, আন্দোলনের ব্যানার-প্ল্যাকার্ডসহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার উদ্যোগ নিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার। এর আগেও কয়েকবার জাদুঘরটি উদ্বোধনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে এবার সব অনিশ্চয়তা কাটিয়ে জাদুঘরটি উদ্বোধন হতে চলেছে।

