একেই হয়তো বলে নির্মম নিয়তি! দুর্ঘটনার খবর পেয়ে এক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে দেখেন নিহত আর কেউ নয়, তারই ছেলে। সঙ্গে সঙ্গে বুকফাটা আর্তনাদ করে ওঠেন তিনি। অশ্রুসজল হয়ে ওঠে সেখানে উপস্থিত সবার চোখ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে অন্যদিনের মতো ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি টহল দল। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ট্রাকচাপায় নিহত স্কুলছাত্রটি টহলদলে থাকা এক পুলিশ সদস্যেরই ছেলে।
নিহত তুহিন (১০) কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার বাসিন্দা ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ সামছুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। এদিকে, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
তুহিনদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় থাকত সে। এ ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ওসি আবুল কালাম বলেন, তুহিন সকালে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় যায়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের দায়িত্ব পালন করতে গিয়ে নিহত শিশুটি যে নিজের ছেলে, তা জানতে পারেন কনস্টেবল মোহাম্মদ সামছুল ইসলাম।
তিনি বলেন, সন্তানের নিথর দেহ দেখে সামছুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত¡না দেওয়ার চেষ্টা করেন। হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
ওসি আবুল কালাম বলেন, সামছুল ইসলাম আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে, পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক এ কে মোস্তাফিজুর রহমান নিহত হন। তিনি ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

