দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার থালাপাতি বিজয় এবং প্রভাস অভিনীত দুটি সিনেমা যথাক্রমে ‘জননায়কন’ ও ‘রাজাসাব’ দিয়ে বছরের প্রথম লড়াই শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত ‘জননায়কন’ মুক্তি পায়নি আইনি জটিলতায়। ‘রাজাসাব’ নিয়ে সবার বিশেষ আগ্রহ কৌতূহল থাকলেও সিনেমাটি হতাশ করেছে অনেককে। তবে এখন পর্যন্ত ‘রাজাসাব’র বক্স অফিস রিপোর্ট আশাব্যঞ্জক।
দক্ষিণী তারকা প্রভাস অভিনীত আরও দুটি আলোচিত প্রতীক্ষিত সিনেমা ‘ফৌজি’ এবং ‘স্পিরিট’ চলতি বছরে মুক্তি পাবে। বলিউড বাদশা শাহরুখ খান ‘কিং’ সিনেমার মাধ্যমে আবার দর্শকদের সামনে হাজির হবেন এ বছরে। সিনেমাটিতে শাহরুখ কন্যা সুহানা খানও প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন, রাণী মুখার্জী, অভিষেক বচ্চনের মতো জনপ্রিয় তারকা শিল্পীদের উপস্থিতি সমৃদ্ধ করেছে।
এ বছর রাণী মুখার্জী তার ‘মর্দানি’ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা নিয়ে উপস্থিত হবেন। তৃতীয় সিনেমাতেও তার মারদাঙ্গা নারী রূপ দেখা যাবে। আলিয়া ভাট স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমাতে অ্যাকশন অবতারে হাজির হবেন, যা নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ চাঞ্চল্য রয়েছে। এ ছাড়াও আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত প্রতীক্ষিত ‘লাভ এন্ড ওয়ার’ সিনেমাতে কাজ করছেন। এ সিনেমাতে ভিকি কৌশল অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
চলতি বছরে আলিয়া ভাট হরর জনরার সিনেমা ‘চামুন্ডা’য় অভিনয় করছেন। সাম্প্রতিক সময়ে দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক’র ট্রেলার টিজার এসেছে। যা দেখে রীতিমত ভূমিকম্প শুরু হয়ে গেছে। অনেক দিন ধরে এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যে বিশেষ আগ্রহ কৌতূহল ছিল তা আরও বাড়িয়ে দিয়েছে ট্রেলার। সিনেমাতে যশ এর নায়িকা রয়েছেন বেশ কয়েকজন। তারা হলেন হুমা কুরেশি, কিয়ারা আদভানি, নয়নতারা ও তারা সুতারিয়া।
‘ডন থ্রি’তে দেখা যাবে নাম ভূমিকায় রণবীর সিংকে। তার সঙ্গে আছেন দুই নায়িকা কৃতি শ্যানন ও শর্বরী ওয়াগ। গত বছর ‘ধুরন্ধর’ সিনেমাতে বাজিমাত করার পর এ বছর আবার ‘ধুরন্ধর টু’ নিয়ে আগামী মার্চেই হাজির হচ্ছেন রণবীর সিং। এ বছর হিন্দু পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত ‘রামায়ণ’-এ রায় ও সীতার ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর ও সাঁই পল্লবীকে। সিনেমাটিতে রাবন রূপে হাজির হবেন দক্ষিণী তারকা যশ। ইমরান হাশমিকে দেখা যাবে ‘আওয়ারাপন টু’ সিনেমাতে।
‘ককটেল টু’ আসছে এ বছর। যেখানে রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন পরস্পরের মুখোমুখি হবেন প্রেমের লড়াইয়ে। দক্ষিণী নির্মাতা লোকেশ কঙ্গরাজ বিক্রম সিনেমাতে সুপারস্টার সূর্যকে রোলেক্স চরিত্রে হাজির করেছিলেন শেষের দিকে। ওই চরিত্র নিয়ে ‘রোলেক্স’ সিনেমাটি আসছে এ বছর। যেখানে সূর্যের পাশাপাশি বিজয় সেতুপতিকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ওয়ার মুভি ‘বর্ডার’-এ প্রচুর সেন্টিমেন্টাল ইস্যুর কারণে একসময় ব্যাপকভাবে সফলতা অর্জন করেছিল। এ বছর ‘বর্ডার টু’ আসছে। সানি দেওলের সঙ্গে বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসানজ আছেন এ সিনেমাতে।
অনেক দিন পর একদার সুপার ডুপার হিট পরিচালক ডেভিড ধাওয়ান আবার নতুন সিনেমা নিয়ে আসছেন চলতি বছর। পুত্র বরুণ ধাওয়ানকে প্রধান চরিত্রে কাস্ট করে নির্মাণ করেছেন কমেডি রোমান্টিক জনরার সিনেমা ‘হায় জওয়ানি তো ইশক হোনা হায়’। এখানে রয়েছেন দুজন নায়িকা পূজা হেগড়ে ও ম্রুনাল ঠাকুর। অনুরাগ বসু রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম ‘তু মেরি জিন্দেগি’ নির্মাণ করেছেন কার্তিক আরায়ান ও শ্রীলীলাকে নিয়ে। যা এ বছরের সেরা মিউজিক্যাল ব্লকবাস্টার হতে পারে গত বছরের ‘সাইয়ারা’র মতো। নায়িকা আনীত পাড্ডা এ বছর একটি সুপার ন্যাচারাল কাহিনির সিনেমা ‘শক্তিশালীনি’তে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। এখানে সম্পূর্ণ ভিন্ন অবতারে হাজির হবেন সাইয়ারা কন্যা। শহিদ কাপুর ‘ও রোমিও’ সিনেমাতে দুর্দান্ত চমক হয়ে আসছেন। বিশাল ভারদ্বাজ পরিচালিত এ সিনেমাটির ট্রেলার এসেছে। ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ভিন্ন ধারার রোমান্টিক অ্যাকশন সিনেমাটি। এতে তৃপ্তি দিমরি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি আছেন শহিদের বিপরীতে। ‘দৃশ্যম থ্রি’ নিয়ে আসছেন অজয় দেবগন। যেখানে তার সঙ্গে থাকবেন জয়দীপ আহলাওয়াত।
সালমান খান গত বছর ‘সিকান্দার’ সিনেমা দিয়ে তার হারানো সাম্রাজ্য ফিরে পাবার চেষ্টা চালালেও ব্যর্থ হন। ক্রমাগত ফ্লপ সিনেমার কবল থেকে বেরিয়ে আসতে পারেননি বলিউডের ভাইজান। এবার কোমর বেঁধে নেমেছেন আবার বক্স অফিসে ঝড় তুলতে। এ বছর ‘ব্যাটল অব গ্যালওয়ান’ দিয়ে বাজিমাত করার স্বপ্ন দেখছেন সালমান। চীন ভারত সীমান্ত সংঘাতের পটভূমিকায় নির্মিত ‘ব্যাটল অব গ্যালওয়ান’-এ সালমান ভারতীয় এক বীর সেনানির ভূমিকায় অভিনয় করেছেন। ইতোমধ্যেই এ সিনেমার ট্রেলারে সালমানের যুদ্ধংদেহী রূপ দেখে দর্শক সিনেমাটি নিয়ে আশাবাদী হয়েছে। সিনেমাটি বলিউড ভাইজানের ভাগ্য বদলে কতটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, সেটাই দেখার বিষয়।
এ ছাড়া ঐতিহাসিক চরিত্র রাজা শিবাজিকে নিয়ে নির্মিতব্য সিনেমাতে সালমান খানের একটি প্রধান চরিত্রে অভিনয়ের কথা শোনা যাচ্ছে। এর বাইরে ফ্যামিলি ম্যানখ্যাত নির্মাতা রাজ এন্ড ডিকের একটি কমেডি সিনেমাতেও সালমানকে দেখা যাবে বলে জানা গেছে। রজনীকান্ত আবার জেলার হয়ে আসছেন ‘জেলার টু’ সিনেমাতে। হৃত্বিক রোশন কৃষ সিরিজের নতুন সিনেমা নিয়ে আসবেন এ বছর। যাতে নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন জনপ্রিয় এই সুপারস্টার।
গত বছর ‘ফাইটার টু’ সিনেমাতে প্রত্যাশিত সাফল্য পাননি হৃত্বিক।
সবমিলিয়ে চলতি বছরেও বলিউড এবং দক্ষিণী সিনেমার জগতে শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা আরও জোরালো হবে বলে আভাষ পাওয়া যাচ্ছে। বলিউডকে কোণঠাসা করার প্রক্রিয়ায় দক্ষিণী সিনেমার চমৎকারিত্ব, নতুনত্ব ও আধুনিকতার উজ্জ্বল প্রকাশ প্রবল হয়েছে গত বছরেই। এ জন্য বলিউডের অনেক তারকাই আজকাল দক্ষিণী সিনেমায় কাজ করছেন নিয়মিতভাবে।
এদিকে, নিজদের অস্তিত্ব রক্ষার জন্যই বলিউডের নির্মাতা প্রতিষ্ঠানগুলো দক্ষিণী তারকা ও নির্মাতাদের দিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণকে গুরুত্ব দিচ্ছেন বেশি। এ বছরটি বলিউড এবং দক্ষিণী সিনেমার অঙ্গনে আরো অনেক পালাবদল লক্ষ্য করা যাবে আশা করা যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন