প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
এদিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হুমায়ুন কবির বলেন, অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন বলেন, আইএলওর বৈঠকে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় সদস্য দেশগুলো সাধুবাদ জানিয়েছে। আগামী জুন মাসে আইএলওর মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে হুমায়ুন কবির জানান, পাইপলাইনে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামীকাল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী দুই দিন তিনি ও তার সফরসঙ্গী দিল্লিতে অবস্থান করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের মন্ত্রী-উপদেষ্টা। বৈঠকে দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন