ভালো নেই চলচ্চিত্র পরিচালক মাতিয়া বানু শুকু। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। সেজন্য সরকারের সহযোগিতা চাইছে পরিবার।
স্ত্রীর চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা চেয়ে চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক বলেন, ‘আমরা শিল্পী মানুষ। দুজনই নির্মাণের সঙ্গে যুক্ত। মাঝে শুকুকে চেন্নাই নিয়ে গেছি। অনেক টাকা খরচ হয়েছে। কাছের মানুষজন সাধ্যমতো সহযোগিতা করেছেন। এই চিকিৎসা অনেক দিন করতে হবে। সেজন্য সরকারের সহযোগিতা চাইছি। সরকার পাশে দাঁড়ালে চিরকৃতজ্ঞ থাকব। আশা করছি, সরকার পাশে দাঁড়াবে।’
জানা গেছে, চেন্নাইয়ের জন্য আগামী ২৩ এপ্রিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। অর্থ যোগান হলেই ফের চেন্নাই যাবেন তারা। গত ৮ মাস আগে মাতিয়া বানু শুকুর ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছুদিন ছিলেন। কেমো দেওয়া হয়েছে এবং থেরাপিও দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে একটি করে কেমো দিতে হয়েছে। এ ছাড়া ২১ দিন পর পর থেরাপি দেওয়া হচ্ছে।
গুণী পরিচালক ও নাট্যকার মাতিয়া বানু শুকু। তার নির্মিত বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। নাট্যকার হিসেবেও খ্যাতি লাভ করেছেন। ‘লাল মোরগের ঝুটি’ সিনেমার প্রযোজক হিসেবে ২০২১ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন