বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চলতি এসএসসি পরীক্ষায় এক অভাবনীয় ও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল বুধবার হিসাববিজ্ঞান পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। তবে নিয়মানুযায়ী সেই একজনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিব থেকে শুরু করে পুলিশ সদস্যসহ মোট ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালন করতে হয়েছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার ছিল ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ‘হিসাববিজ্ঞান’ পরীক্ষা। গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বিষয়ে পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন। বিশাল কক্ষের সব বেঞ্চ ফাঁকা থাকলেও একটি বেঞ্চে বসে একা পরীক্ষা দেন ওই শিক্ষার্থী। পুরো কেন্দ্রজুড়ে ছিল পিনপতন নীরবতা।
পরীক্ষার্থী একজন হলেও সরকারি বিধিমালা অনুযায়ী পরীক্ষা পরিচালনার কোনো ঘাটতি ছিল না। পরীক্ষাটি তদারকি করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এ ছাড়া কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন একজন ট্যাগ অফিসার, কেন্দ্রসচিব, একজন কক্ষ পরিদর্শক (ইনভিজিলেটর), একজন সহকারী শিক্ষক, একজন পুলিশ সদস্য এবং দুইজন অফিস সহায়ক। অর্থাৎ এক শিক্ষার্থীর পরীক্ষার জন্য নিয়োজিত ছিলেন ৮ জন।
গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব শাহিনুর আলম জানান, হিসাববিজ্ঞান বিষয়ে আমাদের কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী ছিল। তবে সরকারি নিয়ম অনুযায়ী সব প্রস্তুতিই আমাদের রাখতে হয়েছে। ইউএনও স্যারের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে।
ঘটনাটি স্থানীয়ভাবে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, একজন শিক্ষার্থীর জন্য প্রশাসনের এই একাগ্রতা ও দায়িত্বশীলতা শিক্ষার প্রতি গুরুত্বেরই বহিঃপ্রকাশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন