পটুয়াখালীর কলাপাড়া রহমতপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পৌর শহরের এতিমখানা কালভার্ট ও রহমতপুর অংশে একযোগে এ অভিযান শুরু করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রথম ধাপে চিহ্নিত ৭৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযান পরিচালনা করছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। গত ফেব্রুয়ারি মাসে বিভিন্ন গণমাধ্যমে ‘রহমতপুর খাল দখল ও দূষণে ভরাট হয়ে গেছে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর উপজেলা প্রশাসন প্রথম দফায় খালের ময়লা-আবর্জনা অপসারণ করে। এবার শুরু হয়েছে দখল হওয়া খালের জমি পুনরুদ্ধারের কার্যক্রম। দীর্ঘ বছর পর উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় পরিবেশকর্মী ও পৌরবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই শত শত মানুষ প্রশাসনের এ অভিযানের প্রতি সমর্থন জানাতে ঘটনাস্থলে ভিড় করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন