আন্তর্জাতিক একাডেমিক প্ল্যাটফর্ম রিসার্চ ডট কম প্রকাশিত ২০২৫-২৬ সেশনের আঞ্চলিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে দেশের ১২টি বিশ^বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। শিক্ষা ও গবেষণাভিত্তিক এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৃতীয়বারের মতো তাদের বৈশ্বিক ও আঞ্চলিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করেছে।
রিসার্চ ডট কম প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেকৃবির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থানে রয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। উল্লেখ্য, গবেষকদের এইচ-ইনডেক্স সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।
শেকৃবির এই গৌরবময় অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম। প্রকাশিত সূচক অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চারজন শীর্ষস্থানীয় গবেষকের নেতৃত্বে মোট ৬৬০টি উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যার সম্মিলিত এইচ ইনডেক্স স্কোর ১৬৫।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আমি সেই সব শিক্ষক ও শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে আমরা এই সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতেও বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আরও ভালো অবস্থান অর্জন করতে পারব বলে আমি আশাবাদী।’

