নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন। বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া আছে। গতকাল নরসিংদী মেডিকেল কলেজর সরকারি মঞ্জুরি দেওয়া হলো।

