মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিনসহ সাজ্জাদুলের উদ্ভাবিত বিভিন্ন পণ্য দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী। এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
পণ্য পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ^াস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন।

