চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল ও লুব অয়েল তৈরির কাঁচামাল জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়ার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন খবর পাওয়া যায়Ñ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে গত সোমবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে কারখানাটিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল ও উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল তৈরি ও মজুতের দায়ে মালিকপক্ষ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করে তা সরকারি কোষাগারে জমা এবং কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করা হয়। জব্দকৃত ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত সরঞ্জামাদির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন