চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় দুই কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়েছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।
গতকাল শনিবার চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন এসব চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছেÑ চারটি হিমোডায়ালিসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোর-ডি (৪ডি) আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম। সংশ্লিষ্টরা জানান, এসব আধুনিক যন্ত্রপাতি সংকটাপন্ন রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, ২ হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালের জন্য বরাদ্দ বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে আর্থিক সংকটে পড়েন। কেএসআরএমের এ সহায়তা রোগীদের চিকিৎসাব্যয় কমানোর পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, কেএসআরএমের মতো অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও যদি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসে, তবে দেশের স্বাস্থ্যসেবা আরও সমৃদ্ধ হবে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে কেএসআরএম সব সময় চমেক হাসপাতালের পাশে দাঁড়িয়েছে। মানবিক কর্মকা-ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। এবার দেওয়া অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম জরুরি মুহূর্তে রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, নতুন এসব যন্ত্রপাতির মাধ্যমে রোগীরা কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন এবং হাসপাতালের চিকিৎসা সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে।
কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, মানুষের পাশে থাকা কেএসআরএমের অন্যতম অঙ্গীকার। চমেক হাসপাতালে মানবিক সহায়তার অংশ হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে কেএসআরএমের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কেএসআরএম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন