জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত সাজা মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজের মামলা আইনিভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আমরাও চাই, শেখ হাসিনা ফিরে আসুন, নিজের মামলা নিজে লড়ুন। দিল্লি থেকে তার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। সত্যি যদি সাহস থাকে, তা হলে তিনি দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।
ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন এরই মধ্যে হাতে পেয়েছে প্রসিকিউশন। এর মধ্যে আমির হোসেন আমু, শাজাহান খান, বিচারপতি শামসু উদ্দিন চৌধুরী মানিক, কামাল আহমেদ মজুমদারসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে। যার যাচাই-বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তা ছাড়া এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪ মামলা বিচারাধীন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশ থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে চলে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সে-দেশেই রয়েছেন তিনি। গত রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা বলেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন