হুট করেই অন্তর্জালে সম্পর্কের অবস্থান পরিবর্তন করলেন ছোট পর্দার এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। গতকাল দুপুরে তার ফেসবুক প্রোফাইলে ভেসে ওঠে একটি শব্দÍ এঙ্গেজড (বাগদত্তা)। আর এই একটি শব্দেই নেটদুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে। ভক্তদের মনে একটাই প্রশ্ন, তবে কি সত্যিই গোপনে বাগদান সেরে ফেললেন সবার প্রিয় নীহা?
স্ট্যাটাসটি দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সেখানে অসংখ্য প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা যেমন শুভকামনা জানিয়েছেন, তেমনি কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি। তবে ভক্তদের করা এই সব প্রশ্নের কোনো মন্তব্যেই সাড়া দেননি অভিনেত্রী।
বিষয়টি নিয়ে জল্পনা বাড়লে মুখ খোলেন নাজনীন নীহা। তবে এটি আনুষ্ঠানিক বাগদান বা বিয়ের ঘোষণা কিনা, তা নিয়ে কিছুটা রহস্য জিইয়ে রেখেছেন তিনি। এক বার্তায় রূপালী বাংলাদেশকে নীহা বলেন, ‘আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। ফেসবুক স্ট্যাটাসে ‘এনগেজড’ মানে আমি এখন আর সিঙ্গেল নই। ভেরি সিম্পল। সামহাউ, সামহোয়্যার আমি এখন এনগেজড। এই তথ্যটা কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। উপযুক্ত সময়ে ব্যক্তি পরিচয়ও সবাই জানতে পারবেন।’
নীহা তার সঙ্গীর নাম কিংবা পরিচয় সরাসরি প্রকাশ না করলেও বিনোদন অঙ্গনের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অভিনেত্রীর হবু জীবনসঙ্গী বাংলাদেশের নাগরিক নন, তিনি পাকিস্তানের বাসিন্দা। কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে তা গভীর সম্পর্কের রূপ নেয়। পারিবারিকভাবেও ইতিমধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই এই নতুন অধ্যায় নিয়ে আনুষ্ঠানিক সুখবর দেবেন অভিনেত্রী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নীহা। তখন তার বিয়ের জোর গুঞ্জন উঠলে তিনি সেটিকে ‘ঈদের নাটকের দৃশ্য’ ও গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার নাটকের কোনো প্রচারণামূলক পোস্ট নয়, বরং বাস্তব জীবনের সম্পর্কের কথাই অকপটে স্বীকার করে নিলেন তিনি।
২০২৩ সালের ঈদুল ফিতরে প্রচারিত জনপ্রিয় নাটক ‘লাভ সেমিস্টার’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটেছিল নাজনীন নাহার নীহার। প্রথম নাটকেই দর্শকদের নজর কাড়ার পর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’ এবং ‘মায়াপাখি’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে বর্তমান প্রজন্মের অন্যতম শীর্ষ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
পর্দার রোমান্টিক নায়িকা এবার নিজের বাস্তব জীবনেও যে প্রেমের রঙিন অধ্যায় শুরু করেছেন, তা স্পষ্ট। এখন শুধু অপেক্ষা, কবে ভক্তদের সামনে তার সেই ‘রহস্যময়’ সঙ্গীকে প্রকাশ্যে আনবেন নীহা!

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন