যাত্রীসেবার মান উন্নয়নের অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা মূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ রূপালী বাংলাদেশকে জানান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় এবং বেবিচকের তত্ত্বাবধানে চালু হওয়া এই সেবা প্রাথমিকভাবে তিনটি রুটে চলাচল করবে। রুটগুলো হলো : বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দীন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর।
ফলে যাত্রীরা কোনো অতিরিক্ত ভাড়া ছাড়াই দ্রুত ও স্বাচ্ছন্দ্যে এসব সংযোগস্থলে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে প্রবীণ, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এ সেবা উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিরসন এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এটি ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালক বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সেবার মান উন্নয়ন, চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিনা মূল্যের এই শাটল বাস সার্ভিস সেই উদ্যোগেরই অংশ, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকারকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে সময়োপযোগী উদ্যোগ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

