রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গতকাল রোববার দুপুরে প্রথমে গুলশান, পরে বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক। গুলশান, বনানী ও মহাখালী রাস্তায় জমে থাকা পানির দ্রত অপসারণসহ ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে, সে জন্য সিটি করপোরেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
প্রশাসক প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ও জাতীয় সংসদ ভবন এলাকায় কখনো যেন পানি না জমে থাকে, সে জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে পরামর্শ করার নির্দেশনা প্রদান করেন। প্রশাসক শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকার কয়েকটি রাস্তা ও কাজীপাড়া খালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসব এলাকার রাস্তায় জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় প্রশাসক কাজীপাড়া ও শেওড়াপাড়ার পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন।
সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেনেজ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানান।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসকের একান্ত সহকারীসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন