বন্যাকবলিত মৌলভীবাজারে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক কর্মসূচির মাধ্যমে রাজনগরে ত্রাণ ও চিকিৎসাসেবা এবং কমলগঞ্জে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী রাডার ইউনিট মৌলভীবাজারের উদ্যোগে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া গ্রামের সরকারি আবাসন প্রকল্পে দেড় শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খানের সৌজন্যে বন্যার্তদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আল্লাহ আল আমীন উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকারী দল ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে এবং দুর্গত এলাকায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, চিকিৎসা উপকরণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। বিমান বাহিনী প্রধানের সার্বক্ষণিক দিকনির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিমান বাহিনী রাডার ইউনিট মৌলভীবাজারের ফ্লাইট লেফটেন্যান্ট (অ্যাডজুট্যান্ট) ফাতেমা আক্তার লিমাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলার কমলগঞ্জ উপজেলার মখাবিল সীমান্তবর্তী মনিপুরি পাড়াসহ আশপাশের বন্যাকবলিত এলাকায় ৪৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক পানিবাহিত রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত প্রায় ৪৫০ জনকে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করেন। পাশাপাশি ১০০ জন বন্যার্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন