আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হচ্ছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া এ উৎসব উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার দেশের ১২৮টি স্থানে ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। রাজধানীর স্বামীবাগ মন্দিরে সকাল ৮টায় বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। পরে বিকেল ৩টায় জগন্নাথদেবের রথযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। এ বিষয়ে শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী বলেন, রথযাত্রায় তিনটি সুবিশাল রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ভক্তদের প্রতি আহ্বান জানান তিনি।
রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছেÑ হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, ভগবত আলোচনা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও নাটক মঞ্চায়ন। দুপুরে আলোচনা সভা শেষে বিকেলে রথযাত্রার উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।
রথযাত্রা উপলক্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক শোভাযাত্রায় দায়িত্ব পালন করবেন। রাজধানীর তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারীবাজারসহ দেশের বিভিন্ন মন্দিরেও রথযাত্রা ও রথটান অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন