ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:১০ এএম

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ সেনাবাহিনীর সাবেক এক সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ড ক্রুজার গাড়ি জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে সাবেক সেনাসদস্য ওবায়দুল হাসানকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে। ওবায়দুল বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল। ২০১৯ সালে চাকরি থেকে অবসর নেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নির্দেশনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসানো হয়। খবর ছিলÑ একটি ল্যান্ড ক্রুজারে করে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টে পৌঁছলে পুলিশ থামার সংকেত দেয়। তবে চালক নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ লাখ টাকা।

ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, সেনাবাহিনীর স্টিকারযুক্ত একটি গাড়িতে ইয়াবা পাচারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।