একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। আর সেই তরুণদের স্বপ্নের প্রধান ভিত্তি হলোÑ একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য শিক্ষাব্যবস্থা। কিন্তু যখন ভর্তি বা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মতো ঘটনা বারবার সামনে আসে, তখন শুধু একটি পরীক্ষা নয়Ñ আঘাতপ্রাপ্ত হয় রাষ্ট্রব্যবস্থার প্রতি মানুষের আস্থা। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে যে ছাত্র-আন্দোলন শুরু হয়েছে, তা আজ আর কেবল একটি পরীক্ষার অনিয়মের প্রতিবাদ নয়; এটি তরুণ সমাজের দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা ও জবাবদিহির দাবির বহির্প্রকাশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য স্পষ্টÑ শুধু আশ্বাসে আস্থা ফিরবে না। তারা মনে করছেন, রাজনৈতিক দায় নির্ধারণ, প্রশাসনিক জবাবদিহি এবং শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া সংকটের সমাধান সম্ভব নয়। এ কারণেই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
আসলে প্রশ্নফাঁসের মতো ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। এটি একটি গভীর প্রাতিষ্ঠানিক দুর্বলতার লক্ষণ। যেখানে পরীক্ষার গোপনীয়তা রক্ষা করা যায় না, সেখানে মেধার মূল্যায়নও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেন, তারা নিজেদের প্রতারিত মনে করেন। অন্যদিকে অসাধু চক্র লাভবান হয়। এতে সমাজে একটি ভয়ংকর বার্তা ছড়িয়ে পড়েÑ পরিশ্রম নয়, অনিয়মই সাফল্যের পথ। একটি রাষ্ট্রের জন্য এর চেয়ে বড় বিপদ আর কী হতে পারে?
ভারতের সাম্প্রতিক আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি শুধু প্রশ্নফাঁসের প্রতিবাদে সীমাবদ্ধ নেই। বেকারত্ব, কর্মসংস্থানের সংকট, একের পর এক ভর্তি ও নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাÑ সবকিছু মিলিয়ে তরুণদের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। আজকের তরুণেরা শুধু ডিগ্রি নয়, একটি ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ চান। তাদের এই দাবি কোনো বিলাসিতা নয়; এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক প্রত্যাশা।
এখানে আরেকটি বিষয় লক্ষণীয়। আন্দোলনকারীরা প্রতিবাদের ভাষা হিসেবে ব্যঙ্গ, হাস্যরস, মিম, সৃজনশীল পোস্টার এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে কার্যকরভাবে ব্যবহার করছেন। ডিজিটাল যুগে আন্দোলনের এই নতুন ভাষা সরকারগুলোর জন্যও একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। এখন শুধু পুলিশি ব্যবস্থা বা প্রশাসনিক কঠোরতা দিয়ে জনমত নিয়ন্ত্রণ করা কঠিন। বরং স্বচ্ছতা, তথ্য প্রকাশ এবং বিশ্বাসযোগ্য পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের একমাত্র পথ।
ভারতের এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। বাংলাদেশেও অতীতে বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস বা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিনির্ভর পরীক্ষা, আইনগত ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হলেও প্রশ্ন থেকে যায়Ñ এগুলো কতটা কার্যকর? কেবল অপরাধীদের গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হয় না; প্রয়োজন এমন একটি ব্যবস্থা, যেখানে প্রশ্নফাঁসের সুযোগই থাকবে না এবং দায় এড়ানোর সংস্কৃতিরও অবসান ঘটবে।
প্রশ্নফাঁসের ঘটনায় সবচেয়ে বড় ক্ষতি হয় মেধাবী শিক্ষার্থীদের। অনেকেই হতাশ হয়ে বিদেশমুখী হন, কেউ আবার রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেন। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং জাতীয় অর্থনীতির ওপর। তাই এই সংকটকে কেবল আইনশৃঙ্খলার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই; এটি জাতীয় উন্নয়ন ও রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতার প্রশ্ন।
ভারতের চলমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেÑ তরুণদের কণ্ঠ উপেক্ষা করা যায় না। ভবিষ্যৎ প্রজন্ম যখন ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করে, তখন সেই দাবিকে রাজনৈতিক প্রতিপক্ষের আন্দোলন হিসেবে নয়, রাষ্ট্রের আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখা উচিত। কারণ একটি দেশের প্রকৃত শক্তি তার অর্থনীতি বা সামরিক সক্ষমতায় নয়; বরং তার তরুণদের আস্থা, স্বপ্ন এবং ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। সেই আস্থা পুনর্গঠনই এখন ভারতসহ দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

